নীলফামারীর চড়াইখোলা ইউনিয়নের সুজনপাড়া এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বছরের পর বছর ধরে অবহেলিত থাকা কাঁচা এই সড়কটি সুজনপাড়াসহ ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের চলাচলের অন্যতম প্রধান পথ। অথচ সামান্য বৃষ্টিতেই এই সড়কে হাঁটু সমান কাদা ও তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা ভরা বর্ষায় যেন চাষের উপযোগী ফসলি জমিতে পরিণত হয়েছে। ফলশ্রুতিতে পথচারী, শিক্ষার্থী, কৃষক এবং যানবাহন চালকদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং অনেকেই বাধ্য হয়ে এই পথে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করায় জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণের মতো মৌলিক কাজগুলো স্থবির হয়ে পড়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসী বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও এখন পর্যন্ত সড়কটি সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জনদুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুম রেজা সড়কটির করুণ অবস্থার কথা স্বীকার করে জানান, চিঠি চালাচালি করেও এখন পর্যন্ত কোনো বরাদ্দ মেলেনি, তবে সড়কটি দ্রুত সংস্কারের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।




















