ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছটি পূর্ণাঙ্গভাবে বেড়ে ওঠা পর্যন্ত নিয়মিত যত্ন নিতে হবে। কারণ গাছ রোপণ করার চেয়ে তা রক্ষা করা অনেক বেশি কঠিন। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৫ জুলাই) বেলা ১১টায় নজরুল ভিলেজে আয়োজিত ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের হারানো সবুজায়ন ফিরিয়ে আনার জন্য নিরলসভাবে কাজ করছে এবং দ্রুতই তা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি পবিত্র ভূমিতে বৃক্ষরোপণ করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এছাড়া প্রয়াত গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সময়কার ব্যাপক সবুজায়ন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি জানান, সেই সময়ে রাজশাহী জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছিল।
রাজশাহী নগরীর পরিবেশ নিয়ে ভূমিমন্ত্রী আরও বলেন, আমাদের এই ‘গ্রিন সিটি’কে আরও সবুজ করে তুলতে নগরের খালি জায়গাসহ সব জায়গায় গাছ লাগাতে হবে, কারণ গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তিনি নিজে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র থাকাকালে ব্যাপক বৃক্ষরোপণ করেছিলেন, যার ফলে রাজশাহী তখন আরও সবুজ ছিল। বর্তমান উদ্যোগের মাধ্যমে রাজশাহীকে আবারও পূর্ণাঙ্গ সবুজ সিটিতে পরিণত করা হবে। শহরের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে মেলার উদ্বোধন উপলক্ষে একটি শোভাযাত্রা (র্যালি) অনুষ্ঠিত হয়, যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণের গেটে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা পুলিশ সুপার নাইমুল হাছান এবং রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই মেলায় মোট ৫২টি স্টল অংশ নিয়েছে। দর্শনার্থী ও ক্রেতাদের জন্য মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।




















