চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মোবাইল ফোনগুলোর সিজার মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ৫০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
জব্দ করা মোবাইল ফোনগুলোর আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্তে সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
27 October 2026






















