চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা এলাকা থেকে রাজশাহীতে ইজিবাইক ছিনতাইয়ের একটি মামলার প্রধান আসামি মো. জাকির হোসেন জনি (৩২)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে রহনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হুজরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার বাদী মো. সাজিদ শেখ (১৮) পেশায় একজন ব্যাটারিচালিত ইজিবাইকচালক। গ্রেপ্তার হওয়া জনি তাঁর পূর্বপরিচিত।
অভিযোগ অনুযায়ী, বিভিন্ন পেয়ারা বাগান থেকে পেয়ারা সংগ্রহের কথা বলে জনি প্রতিদিন এক হাজার টাকা ভাড়ায় সাজিদের ইজিবাইক ভাড়া করতেন।
এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে সাজিদ তাঁর ইজিবাইক নিয়ে রাজশাহীর দামকুড়া বাজারে যান। সেখানে জনিসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন তাঁকে পূর্বপরিকল্পিতভাবে একটি খাবার হোটেলে নিয়ে যান। পরে খিচুড়ি ও চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাঁর ইজিবাইক ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় সাজিদ শেখের লিখিত অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দামকুড়া থানায় জনিসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে দস্যুতার মামলা করা হয়। মামলা হওয়ার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি ও কথিত মূলহোতা জাকির হোসেন জনিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জনি রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভিমের ডাইং এলাকার আশগর আলী টেপার ছেলে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
27 October 2026























