চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ তসিকুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার হুজরাপুর খালঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের যুবসমাজ ও সাধারণ মানুষকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ফয়সাল হাসান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে হুজরাপুর খালঘাটে মো. রাজুর চায়ের স্টলের পূর্ব পাশে একটি ফাঁকা জায়গায় অভিযান চালান।
এ সময় ওই এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে তসিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে কমলা রঙের ৭৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।
28 October 2026























