সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৭দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো.রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আকতার হোসেন বলেন, মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার পেছনের মূল ষড়যন্ত্র উন্মোচনে আসামিকে ৭ দিনের পুলিশ হেফাজতে এনে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক অডিও রেকর্ডকে কেন্দ্র করে গত ১৭ সেপ্টেম্বর ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়।
সম্প্রতি ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়।
অডিওতে রাকিবুল ইসলামকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।’ তিনি আরও বলেন, ‘রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’ ‘পুলিশ কিছুই করতে পারবে না’- অডিওতে এমন বক্তব্যও শোনা যায়।
প্রত্যাহারের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
























