জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। সফর চলাকালে তিনি নিউইয়র্কের কুইন্সে অবস্থিত ফার রকওয়ের একটি ঐতিহ্যবাহী ইহুদি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইয়েশিভা দারখেই তোরাহ’ পরিদর্শনে যান। সেখানে ইসরায়েল ও ইহুদি সম্প্রদায়ের প্রতি তাঁর ধারাবাহিক সমর্থনের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁকে বিশেষ ‘ওহেভ ইসরায়েল’ বা ‘ইসরায়েলের প্রেমিক’ পুরস্কারে ভূষিত করা হয়।
ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর তথ্য অনুযায়ী, পরিদর্শনকালে প্রেসিডেন্ট হাভিয়ের মিলে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজের মাতৃভাষা স্প্যানিশে বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় তাঁকে বেশ উৎফুল্ল মেজাজে শিক্ষার্থীদের সঙ্গে নাচতেও দেখা যায়। আর্জেন্টিনার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশ করা ভিডিও ফুটেজে শিক্ষার্থীদের সঙ্গে তাঁর সেই নাচের দৃশ্যটি উঠে এসেছে।






















