বিশেষ প্রতিনিধি। ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উৎসাহ দিতে ১১ টি প্রতিষ্ঠানে দান বা অনুদানের ওপর কর রেয়াত সুবিধা দেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৭৬(১)-এর আওতায় এসব প্রতিষ্ঠানে প্রদত্ত দান ও অনুদানের অর্থ কর রেয়াতের জন্য বিবেচিত হবে। এ সুবিধা আগামী ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০৩০ পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো— ব্র্যাক, বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট, এএসএইচআইসি, ফাউন্ডেশন ফর চিলড্রেন ক্যানসার, আল-মারকাজুল ইসলামী, ডিজেবলড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ), শেরপুর ডায়াবেটিক সমিতি, মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন (ঢাকা) এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।
এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, স্বাস্থ্য, শিক্ষা ও সমাজসেবাসহ বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসা প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে এ সুবিধা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, কর রেয়াতের এ উদ্যোগ করদাতাদের সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে। একই সঙ্গে জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের ভিত্তি শক্তিশালী হবে এবং সমাজসেবামূলক কার্যক্রম সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত বছরও ৯টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই ধরনের কর রেয়াত সুবিধা প্রদান করা হয়েছিল।




















