চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলকুঁড়ি ইসলামী একাডেমির আয়োজনে এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি ইসলামি একাডেমীর সাবেক কৃতি শিক্ষার্থী ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোঃ আব্দুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক ও সংগঠক ফয়সাল আজম অপু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এবং পরিচালনা কমিটির সদস্য ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মোঃ রবিউল ইসলাম ও অধ্যাপক মোঃ আবুল কাশেম খাইরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিশেষ অতিথির বক্তব্যে ফয়সাল আজম অপু বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের দেশ, সমাজ ও জাতির নেতৃত্ব দেবে। তাই তাদের শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়, সৎ, আদর্শবান, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি উল্লেখ করেন, একজন শিক্ষার্থীর জীবনে শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞানার্জনের পাশাপাশি সত্য কথা বলা, বড়দের সম্মান করা, ছোটদের ভালোবাসা এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলার ওপর তিনি জোর দেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখবে, তবে শুধু বড় মানুষ নয়—ভালো মানুষ হওয়ার স্বপ্নও দেখবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, বাবা-মা ও শিক্ষকদের সম্মান করবে এবং নিজেদের প্রতিভাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাবে।” পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব উল্লেখ করে তিনি ফুলকুঁড়ি ইসলামী একাডেমির নৈতিকতা, শিষ্টাচার ও ইসলামী মূল্যবোধ বিকাশের ভূমিকার প্রশংসা করেন।
প্রধান অতিথি ডা. আব্দুস সামাদ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক আব্দুল আহাদ বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ফুলকুঁড়ি ইসলামী একাডেমি ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজন অব্যাহত রাখবে। একই সাথে তিনি কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানান। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সাফল্যকে উৎসাহিত করা এবং তাদের মধ্যে ভবিষ্যৎ জীবনে আরও ভালো করার প্রত্যয় সৃষ্টি করাই ছিল এ সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।





















