দুর্গাপূজা ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দায়িত্বপূর্ণ এলাকার ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় সাড়ে ৩ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিমা বিসর্জন পর্যন্ত তাদের এ কার্যক্রম চলবে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনকালে এসব তথ্য জানান কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা এবং মানুষের জানমাল রক্ষায়ও কাজ করছে এ বাহিনী।
তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে কোস্ট গার্ডের পূর্ব জোনে ৬৩টি, পশ্চিম জোনে ১৪৪টি, দক্ষিণ জোনে ৩৭১টি এবং ঢাকা জোনে ৩৭টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় সদস্যরা দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন কোস্ট গার্ডের সদস্যরা।
মঈনুল হাসান বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কোস্ট গার্ড।
এ সময় পূজাকে কেন্দ্র করে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান কোস্ট গার্ডের মহাপরিচালক। তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
পূজার সময় নৌ দুর্ঘটনা এড়াতে জনসচেতনতামূলক কার্যক্রম ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তার জন্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।























