চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগানে নিয়ে বাবু নামে এক যুবককে নির্মমভাবে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর রাজশাহী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বাটা মোড় এলাকার একটি আমবাগানে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন বাবু। স্থানীয়রা তাঁর আর্তচিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। এ সময় তাঁর দুই হাত ও দুই পা ভাঙা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন ছিল বলে স্থানীয়রা জানান।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য রাজশাহীর উদ্দেশে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই গাড়িতে তাঁর মৃত্যু হয়।
নিহত বাবু দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে তিনি বিদেশে লোক পাঠানোর কাজ করতেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাবুকে কারা এবং কী কারণে আমবাগানে নিয়ে এমন নির্মমভাবে মারধর করেছে, তা দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর রাজশাহী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।























