চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ মোঃ আপন হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। আটক মোবাইল ফোনগুলোর সিজার মূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা।
রোববার (৪ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
৫৯ বিজিবি সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীন শিয়ালমারা বিওপি থেকে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর গ্রামের পাকা সড়কে অবস্থান নেয়।
এ সময় সোনাপুর থেকে কানসাটের দিকে যাওয়ার পথে আপন হোসেনকে সন্দেহজনকভাবে আটক করে বিজিবি সদস্যরা। পরে তার কাছ থেকে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক আপন হোসেন শিবগঞ্জ উপজেলার সালামপুর গ্রামের বাদলের ছেলে। তার ডাকঘর সোনামসজিদ।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























