জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, মারধর ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন পালন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর খুশির ভিটা কবরস্থান সংলগ্ন সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের সাদ্দাম হোসেন ও আব্দুর রাজ্জাকের সঙ্গে পাশ্ববর্তী শফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে সম্প্রতি শফিকুল ইসলাম ও তাঁর সহযোগীরা সাদ্দাম হোসেন ও আব্দুর রাজ্জাকের পরিবারের ওপর হামলা চালায় বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন। হামলায় সাদ্দাম হোসেনের পক্ষের আসাদুল নামে এক ব্যক্তি গুরুতর জখম হলে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হামলার ঘটনার পর উল্টো ভুক্তভোগী পরিবারগুলোর বিরুদ্ধেই মামলা ও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাকের স্ত্রী সাজিদা বেগম এবং এলাকাবাসীর পক্ষে শাপলা আক্তার, আনোয়ারা বেগম, সাহিদা বেগম, রফিকুল ইসলাম, মোতালেব মিয়া, আকবর আলী ও শামিম হোসেন প্রমুখ। বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধ থাকলেও হামলা চালানো ও আহত ব্যক্তিকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো অত্যন্ত অমানবিক। এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।























