সোমবার (১০ আগস্ট) দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম হালিমা খাতুন তরিকা (১৬)। সে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে এবং চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্বজন, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর হালিমা জানতে পারে, সব বিষয়ে উত্তীর্ণ হলেও ইংরেজিতে অকৃতকার্য হয়েছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে।
একপর্যায়ে পরিবারের অগোচরে বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান তিনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এসএসসি পরীক্ষার ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর বিষপানে ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়রা বলছেন, একটি পরীক্ষার ফলাফল জীবনের চূড়ান্ত মূল্যায়ন নয়; হতাশার মুহূর্তে শিক্ষার্থীদের পাশে পরিবার ও শিক্ষকদের আরও বেশি সহমর্মী হওয়া প্রয়োজন।




















