পটুয়াখালীর দুমকিতে প্রকাশ্যে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় সাবেক এক ছাত্রনেতাসহ কয়েকজন যুবকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী ও উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মো. সাইফুল আলম শুভ খান দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম শ্রীরামপুর এলাকায় ফিরোজ খান ও মিরাজ খান দীর্ঘদিন ধরে প্রকাশ্যে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা পরিচালনা করে আসছেন। এর আগেও ফিরোজ খান একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন, তবে জামিনে বেরিয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন। সম্প্রতি সাবেক ছাত্রনেতা সাইফুল আলম শুভ খান, মনির হোসেন ও আবু তাহেরসহ স্থানীয় কয়েকজন যুবক তাদের এই অপকর্মের তীব্র প্রতিবাদ জানান।
প্রতিবাদের জের ধরে গত ২৪ জুলাই রাতে ফিরোজ খান, মিরাজ খান ও তাদের সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে শুভ খানসহ অন্য যুবকদের ওপর অতর্কিত হামলা চালায়। ভুক্তভোগীদের দাবি, হামলার সময় তাদের বেধড়ক মারধর করা হয় এবং এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে অভিযুক্ত ফিরোজ খান ও মিরাজ খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।





















