বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান এবং ঢাকা বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব বেনজির আহমেদ টিটো নারায়ণগঞ্জ বিসিক শিল্পনগরী পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বিকেএমইএ আয়োজিত একটি বিশেষ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশীয় শিল্প ও ক্ষুদ্র-কুটির খাতের প্রসারে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন দিকনির্দেশনা আলোকপাত করেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে দেশের অর্থনৈতিক মূল চালিকাশক্তি ও কর্মসংস্থান সৃষ্টির প্রধান মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি উদ্যোক্তাদের যেকোনো সমস্যা নিরসনে বিসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার দৃঢ় আশ্বাস দেন।
উক্ত পরিদর্শনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া। এছাড়াও অনুষ্ঠানে বিকেএমইএ ও বিসিকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে অতিথি ও নেতৃবৃন্দ বিসিকের বিভিন্ন শিল্প কারখানা সরেজমিনে ঘুরে দেখেন এবং মালিক ও শ্রমিকদের সাথে কথা বলে সার্বিক খোঁজখবর নেন।













