জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। বর্তমানে তিনি ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী-২ আসন থেকে এমপি নির্বাচিত হন।
সংসদীয় স্থায়ী কমিটিগুলো মূলত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যাবতীয় কার্যক্রম পর্যালোচনা, প্রয়োজনীয় সংসদীয় নজরদারি এবং গঠনমূলক নীতি ও আইন প্রণয়নে সুপারিশ করে থাকে। ফলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতি নির্ধারণ, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরণ, দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরি, তথ্যের অবাধ প্রবাহ এবং সার্বিক সম্প্রচারব্যবস্থার আধুনিকায়নে ড. শফিকুল ইসলাম মাসুদের এই অন্তর্ভুক্তি জাতীয় পর্যায়ে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে এই খবরে তাঁর নিজ নির্বাচনী এলাকা বাউফলে ব্যাপক আনন্দ ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। ড. মাসুদের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের বিভিন্ন জনদুর্ভোগ ও উন্নয়নের বিষয়টি জাতীয় সংসদে জোরালোভাবে উঠে আসবে বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন। বিশেষ করে নদীভাঙন রোধ, ভাঙাচোরা সড়ক যোগাযোগ ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্যসেবা ও শিক্ষার গুণগত মান উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং সার্বিক অবকাঠামোগত সমস্যার সমাধানে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত পদক্ষেপ গ্রহণে বড় ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাটি জনগণ।













