ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন মো. আহসানুর রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করে।
বাংলাদেশের পুঁজিবাজারে ১৮ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন আহসানুর রহমান কৌশলগত নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক ব্যবসা ও ডিজিটাল রূপান্তরে দক্ষ। এই নতুন দায়িত্বে আসার আগে তিনি ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের সিওও এবং প্রায় ছয় বছর ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। ব্র্যাক ইপিএলে থাকাকালীন ব্যবসা সম্প্রসারণ, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং ‘আস্থা’ ও ‘বিকাশ’-এর মতো প্ল্যাটফর্মের সাথে প্রযুক্তিগত সমন্বয়ে তিনি প্রধান ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বেই প্রতিষ্ঠানটি ‘ইন্ডিপেনডেন্স গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড ২০২৩’ লাভ করে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে বিবিএ সম্পন্ন করা মো. রহমান আন্তর্জাতিক বিনিয়োগকারী সম্মেলন ও রোডশো পরিচালনায় অভিজ্ঞ। পুঁজিবাজারে তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা ও প্রযুক্তিনির্ভর দূরদর্শিতা ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ধারাবাহিক প্রবৃদ্ধি ও উদ্ভাবনে বড় অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।






















