চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বালুবাগান মহল্লার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি জাল টাকা এবং তা তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করেছে র্যাব-৫। শনিবার (৮ আগস্ট) রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত টানা সাড়ে দুই ঘণ্টা ওই বাড়ির দ্বিতীয় তলায় এই অভিযান চালানো হয়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে জাল টাকা তৈরির অভিযোগে দুজনকে আটক করা হলেও, র্যাবের উপস্থিতির আগেই চক্রটির মূলহোতা ‘খান সাহেব’ কৌশলে পালিয়ে যান।
আটককৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌধুরীপাড়া গ্রামের তৌসিকুল ইসলাম তোসিফ (৩০) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিখোর গ্রামের শামীম আলী (৩২)। অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা ৫০০ টাকার ২৩টি ও ২০০ টাকার ২টি বান্ডিলসহ জাল টাকার মোট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত দুই রিম বিদেশি জাল সুতা, ১৮টি ছাপানোর ফরম, এক বস্তা কাগজ, এক ড্রাম কেমিক্যাল, ল্যাপটপ, দুটি প্রিন্টার, সিপিইউ, হিটার, রাবার ও রং জব্দ করা হয়।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি ইফতেখার হোসেন মাহমুদ জানান, আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ না করলেও, এই সংঘবদ্ধ জালিয়াত চক্রের পেছনে আর কারা জড়িত রয়েছে এবং পলাতক মূলহোতা ‘খান সাহেব’-কে গ্রেপ্তারে র্যাবের অনুসন্ধান অব্যাহত রয়েছে।



















