কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, গত ঈদুল ফিতরের সময় শোলাকিয়া ঈদগাহ পরিদর্শনে এসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল মাঠের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার ধারাবাহিকতায় সরকার এই প্রকল্পটি অনুমোদন দেয়।
প্রকল্পের আওতায় ঈদগাহ মাঠ আধুনিকায়নে মাটি ভরাট করে ভূমি উঁচু করা, জলাবদ্ধতা নিরসনে উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং চারপাশে স্লোপ নির্মাণ করা হবে। এছাড়া পুরো মাঠ ঘিরে দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর, নতুন প্রবেশদ্বার, দূর-দূরান্ত থেকে আগত লাখো মুসল্লির সুবিধার জন্য সংলগ্ন পুকুরের তিন পাশে ঘাটলা এবং সংলগ্ন মসজিদকে তিনতলা ভবনে উন্নীতকরণ সহ আধুনিক ওজুখানা ও ওয়াশরুম নির্মাণের পরিকল্পনা রয়েছে। পরিদর্শন শেষে ইউএনও জানান, আগামী ১৬ তারিখে প্রধানমন্ত্রীর সম্ভাব্য কিশোরগঞ্জ সফরকে সামনে রেখে মাঠকে সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দনভাবে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে আগামী ঈদুল ফিতরের আগেই মাটি ভরাট, বাউন্ডারি ওয়াল ও পুকুরের ঘাটলা নির্মাণের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য অবকাঠামোগত কাজ বাস্তবায়ন করা হবে। পরিদর্শনকালে কর্মকর্তারা স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করলে তারা এই উন্নয়ন কার্যক্রমকে সাধুবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঈদগাহের ঐতিহাসিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং লাখো মুসল্লির জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত হবে।























