আসন্ন বিশ্বকাপে তীব্র গরম ও উচ্চ তাপমাত্রা ইংল্যান্ড দলের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির অধিনায়ক হ্যারি কেন। আবহাওয়া নিয়ে বাইরে যে আলোচনা হচ্ছে, তাকে ‘অতিরঞ্জিত’ বলে মনে করেন এই তারকা স্ট্রাইকার।
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দুর্দান্ত ফর্মে রয়েছেন হ্যারি কেন। গত শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের ১-০ গোলের জয়ে একমাত্র গোলটি আসে তাঁর মাথা থেকেই। অসাধারণ এক হেডে লক্ষ্যভেদ করেন তিনি। এই গোলের মাধ্যমে ক্লাব ও জাতীয় দলের হয়ে চলতি মৌসুমে নিজের ৬৭তম গোল পূর্ণ করলেন এই ইংলিশ ফরোয়ার্ড।
অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দলের কিছুটা ‘ফ্রিস্টাইল’ ফুটবল নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ইংল্যান্ডের কোচ থমাস টাচেল। তবে মাঠের মান খারাপ হওয়া সত্ত্বেও কোনো খেলোয়াড় চোট না পেয়ে ম্যাচ শেষ করতে পারাকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি।
ম্যাচ শেষে অধিনায়ক হ্যারি কেন স্বীকার করেন যে, মাঠটি কিছুটা ‘আঠালো’ ছিল এবং ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলোয়াড়দের বেশ ঘাম ঝরাতে হয়েছে। তবে গরমের ইস্যুটিকে খুব একটা বড় করে দেখছেন না তিনি। কেন বলেন, “সত্যি বলতে, আমার মনে হয় না গরমটা খুব বেশি সমস্যা তৈরি করেছে। আমরা অনুশীলনের মাধ্যমে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছি। প্রথম কয়েক দিন পর থেকেই বেশিরভাগ খেলোয়াড় অভ্যস্ত হয়ে গেছে। আজও মাঠে অবস্থাটা খুব খারাপ মনে হয়নি। আমার মনে হয়, এই বিষয়টি নিয়ে প্রয়োজনের চেয়ে বেশি আলোচনা হচ্ছে।”
নিজেদের প্রস্তুতির ওপর পূর্ণ আস্থা রেখে ইংলিশ অধিনায়ক আরও বলেন, “আমরা সবাই পেশাদার ফুটবলার। কোচিং স্টাফসহ আমরা সবাই টুর্নামেন্টের জন্য যথাযথ প্রস্তুতি নিয়েছি। প্রথম ম্যাচের আগে আমাদের হাতে আরও প্রায় ১০ দিন সময় আছে এবং এই পরিবেশেই আমাদের অনুশীলন চলবে। তাই টুর্নামেন্ট শুরু হলে আবহাওয়া কোনো প্রভাব ফেলবে না বলেই আমি বিশ্বাস করি।”
বর্তমানে নিজের ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন উল্লেখ করে বিশ্বকাপ শুরুর জন্য মুখিয়ে থাকার কথা জানান কেন। তিনি বলেন, “ইংল্যান্ডের হয়ে খেলা আমার সবচেয়ে প্রিয় কাজ। আমি এই জার্সি এবং অধিনায়কের আর্মব্যান্ড অত্যন্ত গর্বের সঙ্গে ধারণ করি। সতীর্থ, কোচিং স্টাফ, সমর্থক এবং দেশের জন্য সবসময় সঠিক উদাহরণ স্থাপন করার চেষ্টা করি। আরেকটি বিশ্বকাপে একটি নতুন দলকে নেতৃত্ব দেওয়া অবশ্যই বিশেষ অনুভূতির। আমরা অনেক উচ্চ প্রত্যাশা নিয়ে এসেছি। আমি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অনুভব করছি এবং মাঠে নামার জন্য আর তর সইছে না।”
গত সোমবার ফ্লোরিডায় পৌঁছে নিজেদের প্রস্তুতি শুরু করেছে ইংল্যান্ড দল। আগামী ১৭ জুন ডালাসে, ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালের চিরপরিচিত প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে থমাস টাচেলের শিষ্যদের এবারের বিশ্বকাপ অভিযান।



















