কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের কাছে সমুদ্রসীমায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সন্দেহজনক কাঠের বোট থেকে তিনটি বস্তা পানিতে ফেলে পাচারকারীরা মিয়ানমার সমুদ্রসীমায় পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সেন্ট মার্টিনের নিরাপত্তা, মাদক ও মানব পাচারসহ চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে বাংলাদেশের জলসীমায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন।
অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা তিনটি বস্তা পানিতে ফেলে দেয়। এরপর বোটটি নিয়ে তারা মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়।
পরে কোস্ট গার্ডের অভিযানিক দল পানিতে ফেলে দেওয়া বস্তাগুলো তল্লাশি করে। সেখান থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। কোস্ট গার্ডের হিসাবে, জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৪২ কোটি টাকা।
জব্দ করা মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।























