জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাওয়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজের সঙ্গে সম্পর্ক ও বিতর্ক নিয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। ফারজানা নিজেকে তাঁর স্ত্রী হিসেবে পরিচয় দিলেও, রনি দাবি করেছেন যে তাঁদের আইনগত তালাক ইতিমধ্যে কার্যকর হয়েছে।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে গোলাম মাওলা রনি জানান, ফারজানা আফরোজ তাঁর অফিসে ও বাসায় গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করায় তিনি পুলিশ ও আইনি সহায়তা নেন। পরবর্তীতে আইনজীবীদের পরামর্শে কাবিননামা অনুযায়ী তালাক প্রক্রিয়া সম্পন্ন করে দেনমোহরের ১০ লাখ টাকা পরিশোধ করা হয় এবং এ বিষয়ে শাহবাগ থানায় মামলাও করা হয়েছিল।
রনি অভিযোগ করেন, আইনি নিষ্পত্তি ও অর্থ পরিশোধের পরও ফারজানার পক্ষ থেকে পুনরায় বড় অঙ্কের টাকা দাবি করা হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেন। তিনি আরও দাবি করেন, তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ফারজানা এবং কয়েকজন ইউটিউবার মিলে অপপ্রচারমূলক ভিডিও তৈরি ও প্রচার করেছেন। এনসিপি নেতারা কেন এমন বিতর্কিত বিষয় নিয়ে সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনা করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।






















