রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অপ্রীতিকর ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা তাকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে ক্ষুব্ধ হয়ে তাদের উদ্দেশে মধ্যমা আঙুল (মিডল ফিঙ্গার) প্রদর্শন করেন এই নায়িকা। এর জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরবর্তীতে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার জন্য অনুষ্ঠানটির আয়োজকদের দায়ী করেন পরীমনি। এর আগে গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে করা ফেসবুক লাইভ এবং গাড়ি অক্ষত থাকাকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে তার যে দূরত্বের সৃষ্টি হয়েছিল, বর্তমানের এই ঘটনা সেই উত্তেজনাকেই আরও বাড়িয়ে দিয়েছে।
9 November 2026





















