সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ আফ্রিকান আইনবিদ নাভানেথেম ‘নাভি’ পিল্লাইকে ২০২৬ সালের শান্তিতে নোবেল পুরস্কার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য বিচারপতি নাভি পিল্লাইকে এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করে।
এক অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস ন্যায়বিচার, মানবাধিকার ও জবাবদিহিতার প্রতি পিল্লাইয়ের আজীবন অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি বলেন, বর্ণবৈষম্যবিরোধী আন্দোলন, জাতিসংঘ ও আন্তর্জাতিক বিচারাঙ্গনে পিল্লাইয়ের কাজ প্রমাণ করেছে যে আইনের শাসন ছাড়া শান্তি দীর্ঘস্থায়ী হতে পারে না। তিনি সর্বদা ক্ষমতাবানদের জবাবদিহির আওতায় এনেছেন এবং সোচ্চার হয়েছেন বঞ্চিতদের পক্ষে।
অধ্যাপক ইউনূস আরও উল্লেখ করেন, এই মর্যাদাপূর্ণ পুরস্কার পিল্লাইয়ের অসাধারণ সাহস ও অবিচল সততারই স্বীকৃতি। ন্যায়বিচার ও শান্তি যে একে অপরের পরিপূরক—এই পুরস্কার আমাদের সেটিই স্মরণ করিয়ে দেয়। বার্তায় তিনি বিচারপতি পিল্লাইয়ের প্রতি তাঁর আন্তরিক শুভকামনা জ্ঞাপন করেন।






















