রাজধানীর রূপনগর এলাকা থেকে ৪০৪ লিটার বিদেশি মদসহ সাগর মিয়া (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৯৫ হাজার টাকা। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি নম্বরপ্লেটবিহীন সাদা রঙের টয়োটা ওয়াগন গাড়ি জব্দ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাতে এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল রাত ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১ এর উত্তরা কার্যালয়ের একটি দল জানতে পারে, গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে একটি সাদা রঙের প্রাইভেট কারে করে বিপুল পরিমাণ অবৈধ মদ মিরপুরের দিকে আনা হচ্ছে।
পরে রাত সোয়া একটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রূপনগর থানার দুয়ারীপাড়া থেকে মিরপুর-২-গামী সড়কে বিশেষ তল্লাশিচৌকি বসায় এসআরবির দলটি। রাত সোয়া দুইটার দিকে একটি সাদা রঙের টয়োটা ওয়াগন গাড়ি তল্লাশিচৌকি অতিক্রম করে পালানোর চেষ্টা করে। পরে রাত ২টা ৪০ মিনিটের দিকে রূপনগর থানার ২১ নম্বর সড়কে মান ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরের সামনে গাড়িটি থামানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাড়ি থেকে নেমে দুজন পালানোর চেষ্টা করেন। তাদের মধ্যে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যজন অন্ধকার গলিতে পালিয়ে যান। পরে গাড়ি তল্লাশি করে ৫৩৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব মদের মোট পরিমাণ ৪০৪ দশমিক ২৫ লিটার।
উদ্ধার করা মদ ও গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডিএমপির রূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।























