কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক প্রায় ২ কোটি টাকা। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত তিনটি ইজিবাইক ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফ থানার কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলী সংলগ্ন এলাকায় সন্দেহজনক তিনটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এ সময় ৪০ হাজার পিস ইয়াবা, দুটি মুঠোফোন ও তিনটি ইজিবাইকসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় এক ইজিবাইকচালক কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
আটক ব্যক্তিদের এবং জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
























