সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা পান করা অনেকের জন্যই একটি অতি প্রিয় অভ্যাস, যা শরীর ও মনকে মুহূর্তে চাঙা করে তোলে। তবে স্বাস্থ্য উপকারিতার দিক থেকে সকালে খালি পেটে দুধ চা পানের চেয়ে লিকার চা বা লাল চা পান করা অনেক বেশি নিরাপদ ও উপকারী।
চা পাতায় থাকা ক্যাফেইন ও ট্যানিন প্রাকৃতিকভাবে পাকস্থলীতে অ্যাসিড বাড়ায়। খালি পেটে দুধ-চিনি সমৃদ্ধ চা পান করলে দুধের প্রোটিন ও চায়ের উপাদান মিলে পরিপাকতন্ত্রে চাপ ফেলে, যার ফলে তীব্র অ্যাসিডিটি, বুক জ্বালা, পেটে গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া, চায়ে দুধ মেশালে চা পাতার শক্তিশালী অ্যান্টি- অক্সিডেন্টের পুষ্টিগুণও নষ্ট হয়ে যায়।
অন্যদিকে, লিকার চা বা ব্ল্যাক টি অ্যান্টি- অক্সিডেন্টে ভরপুর। এটি শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে, রক্তে খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় এবং এতে থাকা ‘এল-থিয়ানিন’ মনোযোগ ও কর্মোদ্দীপনা বাড়াতে সাহায্য করে। তবে অতিরিক্ত কড়া লিকার চা খালি পেটে খেলে তা শরীরে আয়রন শোষণে বাধা দিতে পারে, তাই হালকা লিকার চা পান করাই শ্রেয়।
সঠিক নিয়ম: সকালে ঘুম থেকে উঠে প্রথমেই চা না খেয়ে আগে অন্তত এক গ্লাস হালকা গরম পানি পান করা উচিত। এরপর ভেজানো কাঠবাদাম, বিস্কুট বা হালকা কিছু নাশতা করার ১০-১৫ মিনিট পর চা পান করা স্বাস্থ্যের জন্য সবচেয়ে নিরাপদ।






















