কুষ্টিয়ার খোকসা ইস্কন মন্দিরের জন্য সংগ্রহ করা অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মন্দিরের প্রতিনিধি শুভ’র বিরুদ্ধে। খোকসা ইস্কন মন্দিরের উদ্যোক্তা ও আমেরিকা প্রবাসী নিধি গৌর দাস তাঁর ফেসবুক আইডি “Nidhi Das” থেকে এক পোস্টে এই গুরুতর অভিযোগ এনেছেন। পোস্টে তিনি জানান, দীর্ঘদিন ধরে সাধারণ ভক্তদের কাছ থেকে ইস্কন মন্দির নির্মাণের কথা বলে ভিক্ষা ও অনুদান সংগ্রহ করা হয়। ভক্তরা সাধ্যমতো সাহায্য করলেও শুভ ও তাঁর সঙ্গীরা প্রতারণা করে সেই অর্থে কেনা জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেয়। এটিকে ইস্কন ও সনাতন ধর্মের আদর্শ পরিপন্থী উল্লেখ করে তিনি আরও জানান, প্রতারিত অনুদানকারীদের একত্রিত করে তিনি থানায় আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে এটি অসত্য দাবি করেছেন খোকসা ইস্কন মন্দিরের শুভ।
30 September 2026






















