প্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও সুনির্দিষ্ট গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার নাসিরাবাদে অবস্থিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উদ্ধারকৃত এই মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনমুখী পুলিশি সেবা আরও কার্যকর করতে পুলিশ সুপারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা চট্টগ্রাম জেলার ১৭টি থানায় মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে এবং পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও গোয়েন্দা কার্যক্রমের সমন্বয়ে হারানো ১০১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
অনুষ্ঠানে মোবাইল ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পুলিশের এ ধরনের প্রশংসনীয় উদ্যোগ সাধারণ মানুষের মনে আস্থা ও বিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। অন্যদিকে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশি সেবার মূল ভিত্তি। জননিরাপত্তা নিশ্চিতকরণ, হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে চট্টগ্রাম জেলা পুলিশ ভবিষ্যতেও কাজ করে যাবে এবং সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান সম্পদ উদ্ধারে জেলা পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে।




















