কর্মস্থলে দুর্নীতি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়া এবং শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের অভিযোগে কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. সিরাজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।
গত ৪ জুন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। সিরাজুল ইসলাম কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা দক্ষিণে কর্মরত ছিলেন।
এনবিআরের অফিস আদেশে বলা হয়, মো. সিরাজুল ইসলাম কর্মক্ষেত্রে নিজের দুর্নীতিসংশ্লিষ্ট কর্মকাণ্ড সম্পর্কে প্রকাশ্যে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন এবং শিষ্টাচারবহির্ভূত কথাবার্তা বলেছেন। এই অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মো. সিরাজুল ইসলামের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে (ভাইরাল হয়)। ভিডিওতে তাকে ঘুষ গ্রহণের বিষয়ে খোলামেলা মন্তব্য করতে দেখা যায়। সেখানে তিনি দাবি করেন “আমি ঘুষ নিই, তবে কাউকে বাধ্য করি না। কেউ স্বেচ্ছায় যা দেন, সেটিই গ্রহণ করি।























