আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও কোনো গণমাধ্যম যদি আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচার বা সম্প্রচারের খবর প্রকাশ করে, তবে সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা উল্লেখ করেন, আদালত অবমাননা এড়াতে আগেও গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল সরকার। তাই নতুন করে কেউ আগাম প্রচার চালিয়ে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ বা সম্প্রচার করলে তা সরাসরি আদালতের আদেশ অমান্য করার শামিল হবে। তিনি পুনরায় সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আদালতের আদেশ মেনে চলার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করাই সরকারের কাজ। তবে আদেশের আইনি দিক তুলে ধরে তিনি আরও স্পষ্ট করেন যে, আদালতের এমন নিষেধাজ্ঞা না থাকলে বক্তব্য প্রচারে বাধা দেওয়া হতো না। তাই সরকারের এই পদেক্ষেপ নিয়ে কারও দ্বিমত থাকলে তা আদালতে গিয়ে চ্যালেঞ্জ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, নির্দেশ বহাল থাকা পর্যন্ত তা মেনে চলা সবার জন্যই বাধ্যতামূলক।




















