চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ প্রতিরোধ, যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা এবং কৃষকদের জন্য সারের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনের (২য় তলা) সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম।সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহসান হাবিব, ‘সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ” এর সভাপতি ফয়সাল আজম অপু, কমিটির অন্যান্য সদস্য, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, বর্তমানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে। তবে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশেষ করে সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলায় মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান আরও জোরদার করা, মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তব্য দেন সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু। তিনি বলেন, “শুধু অভিযান পরিচালনা করে মাদক নির্মূল করা সম্ভব নয়; মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আমাদের সন্তান ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন এবং গণমাধ্যম—সবাইকে একযোগে কাজ করতে হবে। সীমান্তবর্তী এলাকা হিসেবে শিবগঞ্জে মাদক ও চোরাচালান প্রতিরোধে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপরাধের তথ্য পাওয়া গেলে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। পাশাপাশি কৃষকের স্বার্থে বাজারে সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধে নিয়মিত বাজার মনিটরিং আরও জোরদার করা জরুরি।”
এ সময় চলমান কৃষি মৌসুমে কৃষকদের দুর্ভোগ লাঘবে বাজারে সারের সরবরাহ স্বাভাবিক রাখা, সারের সুষম বণ্টন নিশ্চিত করা এবং কোথাও কৃত্রিম সংকট বা অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। মাদক, বাল্যবিবাহ, যানজট ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
একই সঙ্গে সারের সুষম বণ্টন নিশ্চিত করতে বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।






















