হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই, মালয়েশিয়া ও চীনের গুয়াংজু থেকে আসা তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা। ১৩ সেপ্টেম্বর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের বি-শিফট গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালিয়ে এসব অবৈধ চালান আটক করে।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি বাড়ানোর পর এমিরেটস এয়ারলাইন্সের দুবাই ফেরত ফ্লাইটের যাত্রী আবদুল করিম গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। পরে তার ব্যাগেজ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেন শুল্ক কর্মকর্তারা। একই দিনে মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়ার একটি ফ্লাইটের যাত্রী শেপনের ব্যাগেজ তল্লাশি করে উদ্ধার করা হয় ৪৪টি ভেপ।
এছাড়া গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে মোট ১৪৪টি মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। এদের মধ্যে কে এম তোফায়েল আহমেদ নামের এক যাত্রীর কাছে ৯৮টি এবং শামীমা আক্তার নামের অপর যাত্রীর কাছে ৪৬টি মোবাইল ডিসপ্লে পাওয়া যায়।
একই দিনে তিনটি ভিন্ন আন্তর্জাতিক রুট দিয়ে এসব পণ্য নিয়ে আসার ঘটনাকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চোরাচালানের এই ঘটনার নেপথ্যে কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে কি না, যাত্রীদের শুধু বাহক হিসেবে ব্যবহার করা হয়েছে কি না এবং এর পেছনে মূল কারসাজিতে কারা জড়িত—তা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে অধিদপ্তর।























