ইতালির রাজধানী রোমে বাংলাদেশি একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) রাত প্রায় ৯টার দিকে শহরের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি অ্যাপার্টমেন্টে এই ভয়াবহ ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাটের বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে। এই বর্বরোচিত হামলায় তাদের ১৮ বছর বয়সী ছেলেও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত ও স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় গণমাধ্যম ও ইতালির সংবাদ সংস্থা আনসা ও এজিআই-এর তথ্য অনুযায়ী, এক অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই অ্যাপার্টমেন্টে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর আচমকা হামলা চালায়। হামলায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কামাল, তার স্ত্রী ও ছোট মেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় প্রাণ বাঁচাতে ১৮ বছর বয়সী ছেলেটি বাসা থেকে বেরিয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে গেলে হামলাকারী তাকেও ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে জরুরি সেবায় খবর দিলে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির কারাবিনিয়েরি বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার এবং আহত তরুণকে হাসপাতালে ভর্তি করেন।
এই পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো অন্ধকারে রয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, নিহত বাংলাদেশি বংশোদ্ভূত এই পরিবারের সদস্যদের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড ছিল না। স্থানীয় সংবাদমাধ্যম ‘ইল মেসাজ্জেরো’ জানিয়েছে, পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিতে পরিবারের কোনো পরিচিত ব্যক্তি বা পারিবারিক বন্ধুর সংশ্লিষ্টতার সন্দেহ করলেও, এটি এখনো নিশ্চিত নয়। হত্যাকাণ্ডটি ব্যক্তিগত বিরোধ, ডাকাতির চেষ্টা নাকি অন্য কোনো উদ্দেশ্যে ঘটেছে—সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে রোম পুলিশ পুরো এলাকার নিরাপত্তা জোরদার করেছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন। হত্যাকারী এখনো গ্রেপ্তার না হওয়ায় তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে এবং অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হচ্ছে।






















