ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র্যালী ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৭ জুন বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি শুরু হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালীটিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন। পরে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করার কথা বলেন
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায়, প্রার্থমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলাম সবুজ,উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হাসান,জনস্বাস্থ্য কর্মকর্তা রিপন কুমার শীল, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খাঁন,উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলী, মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম সরদার, মদাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক সহ শিক্ষক, ও সুধীজন।
উপস্থিত বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার বিকল্প নেই। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব কিংবা আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



















