রাজধানীর তিন শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখল, সিট দখল ও প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে এসব সহিংসতার ঘটনা ঘটে। এতে শিক্ষক ও জকসু নেতাদের দাবি অনুযায়ী অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে প্রথম উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে তা ক্যাম্পাসে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানেও পুনরায় উত্তেজনা তৈরি হয় এবং কয়েক দফা সংঘর্ষ ঘটে।
একই দিন বিকেলে ঢাকা কলেজেও হল ও সিট দখল কেন্দ্রিক বিরোধের জের ধরে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের একপর্যায়ে এই সহিংসতা রাজধানীর সায়েন্সল্যাব মোড় পর্যন্ত বিস্তার লাভ করে, যেখানে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন।
অন্যদিকে, বিকেল ৪টার দিকে হল দখলকে কেন্দ্র করে সরকারি ঢাকা আলিয়া মাদরাসায় দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। বর্তমানে আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই গ্রুপের মাঝখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




















