মৌলভীবাজার জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং জেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনকে কঠোর পদেক্ষপ নেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মৌলভীবাজারকে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত এবং একটি নিরাপদ মডেল জেলা হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে বলা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ মাদক ও চোরাচালান বন্ধে বিশেষ নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পর্যটন জেলা হিসেবে মৌলভীবাজারের আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষায় স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। অপরাধী যে দলের বা যে পরিচয়েরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ ও মোঃ মুজিবুর রহমান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান ও উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান,মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফজলুল করিম ময়ূন ও সদস্য সচিব আবদুর রহিম রিপনসহজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।






















