মালয়েশিয়ার কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে এই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সরকারপ্রধান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
একান্তে বৈঠকের পর দুই নেতার নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের একটি বর্ধিত বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে গভীর মতবিনিময় করা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশী নাগরিকদের নিয়মিতকরণ এবং তাঁদের ওয়ার্ক পারমিট নবায়নের বিষয়টি।
এছাড়াও অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য:
মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির প্রবেশাধিকার বৃদ্ধি।
আসিয়ানের (ASEAN) সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন।
রিজওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (RCEP) বাংলাদেশের অন্তর্ভুক্তি।
রোহিঙ্গা ইস্যু এবং জাতিসংঘসহ অন্যান্য বহুপাক্ষিক ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতা।
বৈঠক শেষে উভয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এর পাশাপাশি সন্ত্রাসবাদ দমন বিষয়ে যৌথ গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত একটি দলিল এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ সংক্রান্ত আরেকটি দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় নিজ নিজ দেশের পক্ষে এই দলিলগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।






















