ময়মনসিংহের ত্রিশালে বাসের চাপায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনাইটেড পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মাহিন্দ্রকে সজোরে ধাক্কা দেয়। পরবর্তীতে বাসটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং আরও পাঁচজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।






















