সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাধ্যমে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ প্রাথমিক বিদ্যালয় থেকে এই তথ্য সংগ্রহ ও নিবন্ধনের প্রস্তাব দেন।
পরিকল্পনাটি বাস্তবায়নে ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ একটি কর্মশালা আয়োজনের নির্দেশনা দিয়েছেন। উক্ত কর্মশালার পর্যালোচনা ও সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং এ বিষয়ে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে এনআইডি মহাপরিচালককে। তবে বিষয়টি নিয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
বর্তমানে ১৭ বছর বয়স থেকে এনআইডি সেবা দেওয়া হলেও কম বয়সীদের নিবন্ধনের দাবি দীর্ঘদিনের। উল্লেখ্য, নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন (পুরুষ: ৬,৫৫,১০,৬৬৫; নারী: ৬,৩২,৬৫,৭১১ এবং তৃতীয় লিঙ্গ: ১,২৬৭)। নতুন এই উদ্যোগ চালু হলে অল্প বয়স থেকেই নাগরিকদের জাতীয় পরিচয় সংক্রান্ত তথ্য সংরক্ষণের সুযোগ সৃষ্টি হবে।





















