অ্যান্ডি বার্নহামের জন্য প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে ডাউনিং স্ট্রিট ত্যাগ করেছেন কেয়ার স্টারমার। লন্ডনের মধ্যাঞ্চলের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দেওয়া এক আবেগঘন বিদায়ী ভাষণে স্টারমার দেশের অগ্রগতি তুলে ধরে বলেন, “দুই বছর আগের তুলনায় ব্রিটেন এখন অধিকতর শক্তিশালী ও আরও ন্যায়সংগত হয়েছে বলে আমি বিশ্বাস করি।” বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, নিজের কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বিদায়ী প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি আন্তরিকতার সঙ্গে বিদায় নিচ্ছি। আমি হাসিমুখে বিদায় নিচ্ছি। আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তার সবকিছুর জন্য আমি গর্বিত।” এই সংক্ষিপ্ত বিদায়ী বক্তব্য দেওয়ার পরপরই কেয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে নিজের আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে বাকিংহাম প্রাসাদের দিকে রওনা হন।






















