বিশ্বকাপের ফাইনাল থেকে আর মাত্র একটি ম্যাচ দূরে দাঁড়িয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে শিরোপা ধরে রাখার এই স্বপ্নপূরণের পথে তাদের সামনে এবার বড় বাধা শক্তিশালী ইংল্যান্ড। আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) দুই ফুটবল পরাশক্তির এই হাইভোল্টেজ সেমিফাইনাল ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। মাঠের লড়াই শুরুর আগে ফুটবল বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারের পূর্বাভাসে আলবিসেলেস্তেদের চেয়ে সামান্য এগিয়ে রাখা হয়েছে থ্রি লায়ন্সদের। সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, সেমিফাইনাল পেরিয়ে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯৪ শতাংশ, আর আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯.০৬ শতাংশ। ব্যবধান খুবই সামান্য হলেও হিসাবের খাতায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে ইংলিশরা।
নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচের ফলের ক্ষেত্রেও অপটার সুপারকম্পিউটার হ্যারি কেনদের জয়ের সম্ভাবনা ৩৮.২ শতাংশ এবং আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩২.০ শতাংশ দেখিয়েছে। এছাড়া ম্যাচটি টাইব্রেকারে গড়ানোর অর্থাৎ নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকার সম্ভাবনা রয়েছে ২৯.৭ শতাংশ। এমনকি এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েও ইংল্যান্ডের সম্ভাবনা ২১.৯৪ শতাংশ, যা আর্জেন্টিনার (২০.৫৫ শতাংশ) চেয়ে কিছুটা বেশি।
পরিসংখ্যানের পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসও আর্জেন্টিনার জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। বিশ্বমঞ্চে এ পর্যন্ত দুই দলের পাঁচবারের দেখায় তিনবারই জিতেছে ইংল্যান্ড, আর আর্জেন্টিনা জিতেছে দুবার। যার মধ্যে আর্জেন্টিনার একটি জয় এসেছিল টাইব্রেকারে এবং অন্য জয়টি ঘিরে রয়েছে দীর্ঘদিনের বিতর্ক ও আলোচনা। তবে অতীত ইতিহাস কিংবা পরিসংখ্যান যা-ই বলুক না কেন, বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে লিওনেল স্কালোনির দল। একদিকে শিরোপা ধরে রাখার মিশন নিয়ে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা, অন্যদিকে দীর্ঘদিনের খরা কাটিয়ে বিশ্বজয়ের স্বপ্নে বিভোর ইংল্যান্ড—ফলে মাঠের লড়াইয়ে যে একটি চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার পেতে যাচ্ছে ফুটবলবিশ্ব, তা বলাই বাহুল্য।






















