দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে রয়েছেন।
বিবেচ্য বিষয় হিসেবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক পরিস্থিতির কারণে তৈরি হওয়া প্রতিকূলতায় যেন ব্যবসা ও সাধারণ শেয়ারধারীদের ক্ষতি না হয়, সে লক্ষ্যেই পর্ষদ থেকে পদত্যাগে সম্মত হয়েছেন সালমান এফ রহমান। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠির মাধ্যমে সম্প্রতি বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বেক্সিমকো ফার্মা।
সালমান এফ রহমানকে বাদ দিয়ে বর্তমানে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের কাজ চলছে। নতুন পর্ষদে উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের মনোনীত একজন পরিচালক এবং পদাধিকারবলে ব্যবস্থাপনা পরিচালক থাকবেন। এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকেও অনুমোদন বা ‘সবুজ সংকেত’ পাওয়া গেছে।
উল্লেখ্য, বেক্সিমকো ফার্মা দেশের শেয়ারবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (এআইএম) তালিকাভুক্ত। বিদেশি বিনিয়োগকারীরাও কোম্পানির স্বার্থ রক্ষায় সালমান এফ রহমানকে পর্ষদ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে সায় দিয়েছেন। বিএসইসি পর্ষদে বিদেশি শেয়ারধারীদের প্রতিনিধি যুক্ত করতে চাইলেও তাতে বিদেশি বিনিয়োগকারীরা সম্মত না হওয়ায় শেষ পর্যন্ত স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে পর্ষদ পুনর্গঠন করা হচ্ছে।




















