নারায়ণগঞ্জে একটি মাদরাসার তিনতলার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ আবাসিক শিক্ষার্থী গুরুতরভাবে দগ্ধ হয়েছে। দগ্ধ হওয়া শিক্ষার্থীরা হলো— ষষ্ঠ শ্রেণির জিদনী (১৪), চতুর্থ শ্রেণির লামিয়া আক্তার শাপলা (১৩), সপ্তম শ্রেণির সুমাইয়া আক্তার (১৩), তৃতীয় শ্রেণির আসিয়া আক্তার আফরোজা (১২) এবং চতুর্থ শ্রেণির আতিয়া (১১)।
মাদরাসার ক্যাশিয়ার মো. ইউসুফ আলী জানান, বিকেলে ওই পাঁচ শিক্ষার্থী ছাদে খেলাধুলা করার সময় হঠাৎ বিকট শব্দ হয়। পরে সেখানে গিয়ে তাদের দগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভবনের ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তার থেকেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন। উদ্ধারের পর প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি দেখে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরিত করা হয়।
আহত শিক্ষার্থীরা জানায়, খেলাধুলার একপর্যায়ে আচমকা তাদের শরীরে আগুন ধরে যায়, তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তারা বিস্তারিত বলতে পারেনি। বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। সেখানকার আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ জানিয়েছেন যে, দগ্ধ হওয়া পাঁচ শিশুর শারীরিক অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।






















