নওগাঁয় সমতা ও নেসডো এনজিওর গ্রাহকরা আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শনিবার সকাল ১১টায় সমতা এনজিওর প্রধান কার্যালয় এবং এনজিওর পরিচালক শাহিনুর রহমান শাহীনের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে নওগাঁ সদর থানা পুলিশের সদস্যরা মোতায়েন ছিলেন।
এ বিষয়ে শাহিনুর রহমান শাহীনের সঙ্গে একটি প্রতিনিধি দল কথা বলতে গেলে তিনি জানান, সমতা এনজিওতে গ্রাহকদের প্রায় ১৮০ কোটি টাকা এবং নেসডো এনজিওতে প্রায় ৬০ কোটি টাকার আমানত রয়েছে। তবে ২০২৫ সাল থেকে এনজিও দুটির কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তিনি গ্রাহকদের আমানতের অর্থ ও লভ্যাংশ পরিশোধ করতে পারেননি। তিনি দাবি করেন, এনজিওর কার্যক্রম পুনরায় সচল করা সম্ভব হলে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে গ্রাহকদের অর্থ পরিশোধ করা হবে।
অন্যদিকে, গ্রাহকদের অভিযোগ, এনজিওর পরিচালক শাহিনুর রহমান শাহীন ২০২৫ সাল থেকে আমানতকারীদের লভ্যাংশ প্রদান বন্ধ করে দেন এবং কিছুদিন আত্মগোপনে থাকেন। এ সময় আমানতের টাকা ফেরতের দাবিতে একাধিক গ্রাহক তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করলে তিনি কিছুদিন কারাগারে ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ঘোষণা দেন যে, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে গ্রাহকদের বকেয়া লভ্যাংশের অর্ধেক পরিশোধ করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পেরে তিনি আবার ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময় চান। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো অর্থ পরিশোধ না করায় ক্ষুব্ধ গ্রাহকরা তাদের আমানতের সম্পূর্ণ টাকা ফেরতের দাবি জানান।
পরে নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি আইনগতভাবে সমাধানের আশ্বাস দেন। পরে শাহিনুর রহমান শাহীকে থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। কর্মসূচি শেষে ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত তাদের আমানতের টাকা ফেরত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে নওগাঁ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।





















