নওগাঁর বদলগাছী উপজেলায় জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি হাসান রমন (৪২)-এর বাম হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত হাসান রমন ও তাঁর মা বিউটি বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ও রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। ঘটনার দিন জমির আইল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় মামলার এজাহারভুক্ত আসামি মিজানুর রহমান ধারালো হাসুয়া দিয়ে হাসান রমনের বাম হাতে কোপ দিলে তাঁর হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। ছেলেকে রক্ষা করতে গিয়ে তাঁর মা বিউটি বেগমও হামলার শিকার হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় আহতের বাবা দুদু মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার বাদী ও স্থানীয় বিএনপি নেতাদের দাবি, অভিযুক্ত মিজানুর রহমান ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং তাঁর স্ত্রী আমেনা বেগম একই ওয়ার্ডের সভানেত্রী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিজানুর রহমান দাবি করেন, হাসান তাঁর জমির আইল কেটে ফেলেছিলেন এবং তর্কের একপর্যায়ে তাঁরা দলবদ্ধভাবে তাঁর বাড়িতে হামলা চালান। তাঁর ভাষ্যমতে, তাঁর হাতে থাকা ঘাস কাটার হাসুয়ার আঘাতে ধস্তাধস্তির সময় ওই দুর্ঘটনা ঘটে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মামলার প্রধান দুই আসামি মিজানুর রহমান ও তাঁর স্ত্রী আমেনা বেগমকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে।






















