জুয়েল সরদার, রাজবাড়ী: রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) রাজবাড়ী সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, বর্তমান সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিরতা সৃষ্টি এবং জনমনে ত্রাস ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে একটি ঝটিকা মিছিল বের করার অভিযোগে তাদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৩ জুন) ভোর অনুমান ০৫:৩০ ঘটিকার সময় রাজবাড়ী সদর থানাধীন গোপিনাথাদিয়া গ্রামস্থ রাজবাড়ী ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের উপর ৩০/৩৫ জন নেতাকর্মী একত্রিত হন। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ব্যানার-ফেস্টুনসহ একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলে সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিল। এই ঘটনার প্রেক্ষিতেই পুলিশ জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তদন্তে নামে।
পুলিশ জানায়, রাজবাড়ী জেলার পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ-এর সার্বিক দিকনির্দেশনায় এবং রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ-এর তত্ত্বাবধানে আজ (১৪ জুন) একটি বিশেষ অভিযান চালানো হয়। সদর থানার এসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম সঙ্গী অফিসার ও ফোর্সসহ রাজবাড়ী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওই মিছিল ও নাশকতার চেষ্টার সাথে জড়িত ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রাব্বানী, মাইনউদ্দিন শেখ (৪২), মোঃ নাসির উদ্দিন (৪২),মোঃ রিয়াদ মন্ডল (২৬), মোঃ আঃ ছালাম মিলন (৫৭), মোঃ সাইফুল ইসলাম সোহাগ (৪২), নাহিদ মিয়া (২৪), মোঃ নাসির শেখ(৬৪)। এরা সকলেই রাজবাড়ী সদর থানা ও জেলার বাসিন্দা।
রাজবাড়ী সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।




















