জাতীয় সংসদের শপথকক্ষে ‘জনসংখ্যা বোনাস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং আইসিপিডি প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, জনসংখ্যাকে প্রকৃত মানবসম্পদে রূপান্তর করা দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। জনমিতিক লভ্যাংশের (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) সুযোগকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হলে নারী ও পুরুষ উভয়েরই সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসানের পর নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনবান্ধব ও প্রশংসনীয় নানা পদক্ষেপ গ্রহণ করছে এবং সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করে যাচ্ছে।
বক্তব্যে স্পিকার বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসন, কিশোরী শিক্ষা ও নারীর প্রতি সহিংসতা রোধের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও উপকূলীয় এলাকার লবণাক্ততার মতো সমস্যা মোকাবিলায় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় জনসচেতনতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জনসংখ্যাকে কেবল সংখ্যার বিচারে না দেখে তাদের সুশিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কেবল আইন প্রণয়ন নয়, সমন্বিত পরিকল্পনা ও কার্যকর নীতি গ্রহণের ওপর জোর দেন তিনি।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি তার বক্তব্যে জানান, প্রাকৃতিক সম্পদের চেয়ে দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠীই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। বিশ্বের সফল দেশগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের বিপুল কর্মক্ষম জনগণকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের আহ্বান জানান তিনি।
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রতিনিধি ক্যাথেরিন ব্রিন ক্যামকং জলবায়ু মোকাবিলা, প্রজনন স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক সুরক্ষায় বাংলাদেশ সরকারের নীতিমালার প্রশংসা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। এতে মন্ত্রিপরিষদের সদস্য, হুইপ, সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















