চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (১২ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সকালে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারিদের একটি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা বিদেশি মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সমুদ্রবন্দর, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান, মানবপাচার ও মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























